
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন দপ্তর ও সংস্থাগুলোতে কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থায় পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খানের পাঠানো একটি আধাসরকারি চিঠির (ডিও লেটার) পরিপ্রেক্ষিতেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনার ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।