
স্কুল পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়নে অর্থের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে আর্থিক সামর্থ্যকে গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তাঁর বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় সরঞ্জাম কেনা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে অর্থের দরকার হয়। তাই যার অর্থ-সম্পদ রয়েছে, তাকেই স্কুলের সভাপতি করা হবে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) নিজের সংসদীয় এলাকায় কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক পরামর্শ কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নূরুল ইসলাম মনি বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
কর্মশালায় উপস্থিত ব্যক্তিদের সামনে স্কুলের সভাপতি নির্বাচন নিয়ে একটি উদাহরণ তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, একটি স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে এমন দুজন ব্যক্তির কথা ভাবা যেতে পারে, যাঁদের একজন লেখাপড়া জানেন না, তবে তাঁর অনেক টাকা ও জমি রয়েছে। অন্যদিকে, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম হয়েছেন, কিন্তু তাঁর কোনো জমি বা অর্থ নেই।
এমন পরিস্থিতিতে স্কুলের সভাপতি কে হবেন, সেই প্রশ্ন তুলে নূরুল ইসলাম মনি বলেন, অর্থ-সম্পদ রয়েছে এমন ব্যক্তিকেই সভাপতি করা হবে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য টিন, খুঁটি, বই, ছাদ ও কার্পেটসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিনতে অর্থের প্রয়োজন হয়।
অর্থের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আরও বলেন, ‘আল্লাহর পর যার শক্তি বেশি, তার নাম টাকা। কাজেই টাকার মূল্য কিন্তু অনেক। সমাজে যার টাকা আছে, তার অনেক মূল্য।’