
ঢাকাই সিনেমায় খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেতা শিবা শানু এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে সরকার। তাঁর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী।
চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ এক বছর। দায়িত্ব পালনের জন্য তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদার গ্রেড-২ অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা পাবেন।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুসারে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। তবে এ ক্ষেত্রে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের বাকি শর্তগুলো চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত শিবা শানু বর্তমানে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সময় দিচ্ছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিতে হলে তাঁকে সমিতির এই পদ ছাড়তে হবে। এ বিষয়ে এখনো নিজের সিদ্ধান্ত জানাননি অভিনেতা।
১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডে খল অভিনেতা হিসেবে পরিচিতি গড়ে তোলেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৫০০টি সিনেমায় কাজ করেছেন বলে জানা যায়।