
শ্রমিকদের বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিকে ঘিরে চলমান অসন্তোষের কারণে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাহিনীটির মোট ২৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন। অন্যদিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় দায়িত্বে রয়েছেন ছয় প্লাটুন বিজিবি সদস্য।
মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে বিজিবির নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালু রয়েছে।
বিজিবি জানিয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।