
দীর্ঘ ১৭ বছর ধরে দেশের সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে যোগ দেন আন্দালিব রহমান পার্থ। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েক বছরে দেশের প্রতিটি ক্ষেত্রেই নৈতিক অবক্ষয় হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় প্রয়োজন হবে। তবে দেশকে নতুন একটি পথে এগিয়ে নেওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যাশা জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে পার্থ বলেন, ওই সময়ে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। দেশের পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।