
২০২৬ সালের মধ্যেই সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি দল সরাসরি বৈঠকে অংশ নেয়। একটি রাজনৈতিক দল লিখিতভাবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের প্রস্তাব কমিটির কাছে পাঠায়।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। কোনো রাজনৈতিক দলের সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা লিখিতভাবে কমিটির কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদের সব অংশীজনের সঙ্গে আলোচনা এবং তাদের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।