
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে। অধিবেশনের কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে এবং সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকার সীমানা নির্ধারণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা এর অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকায়ও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
একইভাবে মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে থাকা সব সড়ক ও গলিপথেও একই বিধিনিষেধ কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে নির্ধারিত এলাকাগুলোতে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর কিংবা দূষণ সৃষ্টিকারী দ্রব্য বহন করা যাবে না। পাশাপাশি সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।