 হাফিজ উদ্দিন আহমদ.webp)
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। নিজেদের যোগ্যতা ও দক্ষতায় তাঁরা এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
বৃহস্পতিবার দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করেন স্পিকার। তিনি বিগত তিনটি নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন, তাঁদের পক্ষে দেশ কীভাবে পরিচালিত হয় এবং কেন এভাবে চলে, তা বোঝা কঠিন। দেশের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই। রাজনীতিবিদেরা নিজেদের ভুল শুধরে সঠিক পথে চললে পুরো দেশের চিত্র বদলে যেতে পারে।
স্পিকার বলেন, ‘আমরা রাজনীতিবিদেরা দলীয় রাজনীতি করে কীভাবে নিজেদের সুবিধা আদায় করা যায়, তা নিয়েই বেশি ব্যস্ত থাকি। এ কারণে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা আমাদের আর মনে থাকে না।’