
সরকার ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রযোজ্য হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় সংসদে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর এবং সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন।
প্রধান স্তরের দায়িত্ব বণ্টন অনুযায়ী, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর আওতায় থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের বিকল্প দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করবেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুপস্থিতিতে শিল্প, বস্ত্র ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে তার কার্যক্রম পরিচালনা করবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করবেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অনুপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করবেন অনিন্দ্য ইসলাম অমিত। রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। নৌপরিবহন ও সেতু বিভাগের বিকল্প দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের অনুপস্থিতিতে দায়িত্ব নেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি কোনো মন্ত্রণালয় বা বিভাগের মূল দায়িত্বপ্রাপ্ত এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত উভয় মন্ত্রী সংসদে অনুপস্থিত থাকেন, তবে সংশ্লিষ্ট বিষয়গুলোর দায়িত্ব পালন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কার্যক্রম পরিচালনা করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।