
শোবিজে কাজের প্রয়োজনে চরিত্র পরিবর্তন কিংবা কোনো প্রকল্প থেকে বাদ পড়া তারকাদের জন্য নতুন কোনো বিষয় নয়। ক্যারিয়ারে যেমন কাজের সুযোগ আসে, তেমনি কখনো কখনো বাদ পড়ার অভিজ্ঞতাও হয়। অভিনেত্রী আইশা খান এসব বিষয়কে নেতিবাচকভাবে না দেখে বরং শেখার সুযোগ হিসেবে দেখেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইশা খান বলেন, ‘কাজ থেকে বাদ দেওয়া খুবই সাধারণ বিষয়। আমার কাছে মনে হয় এটাও এক ধরনের শিক্ষা। সবসময় যে আমি ভালো রেজাল্ট করব, এমন ব্যাপার তো নয়। গ্রাফটা যখন উত্থান-পতন হয়, দেখতেও ভালো লাগে। আমাকে নিরহংকারই থাকতে এটা হেল্প করে।’
গ্ল্যামার জগতের পরিচিত মুখদের নিয়মিতই নানা আলোচনা ও সমালোচনার মুখোমুখি হতে হয়। বিনোদন অঙ্গনের এই বাস্তবতাকে কাজেরই অংশ মনে করেন আইশা। তবে সব ধরনের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে গঠনমূলক সমালোচনাকেই প্রাধান্য দেন তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আলোচনা-সমালোচনা তো হবেই। আমরা যেই জায়গাটাতে আসলে কাজ করি, সেই জায়গাটার একটা কালচার। সব সমালোচনাকে যেমন আমি গুরুত্ব দিই না।’
তিনি আরও বলেন, ‘যেটা আমি বুঝি, হ্যাঁ এই সমালোচনাটা যে হচ্ছে আমাকে নিয়ে, এটা আমার কোনো ভালো বা এটা আমার শোধরানোর প্রয়োজন, সেটাকে আমি সেরকমভাবেই টেককেয়ার করি।’