
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশাসনিক নেতৃত্বে এলো নতুন পরিবর্তন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মীর মুশফিকুর রহমান, যিনি এখন থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এ বিষয়ে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি ২৪ ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে সামরিক সচিব এবং মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বের ধারাবাহিকতায় এবার তিনি সশস্ত্র বাহিনী বিভাগের শীর্ষ প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত হলেন।