
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। প্রধান কোচ হোসাম হাসানের ঘোষিত এই দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন দলটির তারকা ফুটবলার মোহাম্মেদ সালাহ। এবারের স্কোয়াডের সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী উদীয়মান ফরোয়ার্ড হামজা আবদেল করিম, যিনি প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক আসরের দলে ডাক পেয়েছেন।
তরুণ হামজা আবদেল করিমের পাশাপাশি মিশরের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ওমর মারমুশ। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৬ ম্যাচে ৮ গোল করে বেশ ভালো ছন্দে রয়েছেন। বিশ্বকাপে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের ওহাইওতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মিশর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশরের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘জি’-তে মিশরের বাকি দুই প্রতিপক্ষ দল হলো নিউজিল্যান্ড ও ইরান।
ঘোষিত স্কোয়াড অনুযায়ী গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন মোহামেদ এল-শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল-মাহদি সোলাইমান ও মোহামেদ আলা। রক্ষণভাগ বা ডিফেন্সে খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রয়েছেন মোহামেদ আবদেলমোনেম, মোহামেদ হানির, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, আহমেদ ফাতুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।
এছাড়া মাঝমাঠ বা মিডফিল্ড সামলাবেন অধিনায়ক মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা, মাহমুদ হাসান, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ। অন্যদিকে, আক্রমণভাগে ওমর মারমুশের সঙ্গে থাকছেন তরুণ ফরোয়ার্ড হামজা আবদেল করিম।