
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের একটি এজলাস থেকে পুলিশের দায়িত্বে থাকা সদস্যদের অবহেলার সুযোগ নিয়ে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সিএমএম আদালতের ৭ নম্বর এজলাসে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় কোনো একপর্যায়ে এজলাস থেকে বেরিয়ে যান শরিফুল ইসলাম শফিক। পরে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করতে তৎপরতা শুরু হয়।
শরিফুল ইসলাম শফিকের আদালত থেকে পালানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালেও তিনি আদালত থেকে পালিয়ে গিয়েছিলেন।
ওই ঘটনার পর তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে আবারও এজলাস থেকে পালিয়ে যান তিনি। অর্থাৎ একই আসামি দ্বিতীয়বারের মতো আদালত থেকে পালানোর ঘটনা ঘটল।
আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
তিনি জানান, আগে আদালত থেকে পালানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতে আনা হয়েছিল শরিফুল ইসলাম শফিককে। এবার সেই মামলাতেই আদালত থেকে দ্বিতীয়বারের মতো পালালেন তিনি।