
রাজধানীর হাজারীবাগে ৯ম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠীরা।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত সিয়ামের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানায়।
গত বুধবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকায় খুন হয় বিন্তি। ঘটনার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে কাঁঠালবাগান এলাকা থেকে রক্তমাখা অস্ত্রসহ সিয়ামকে গ্রেপ্তার করে।
এই হত্যাকাণ্ড রাজধানীর সাধারণ মানুষ ও শিক্ষার্থী মহলে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
মানববন্ধনে বিন্তির সহপাঠীরা প্লেকার্ড ও ফেস্টুন হাতে রাজপথে অবস্থান নেয়।
শিক্ষার্থীদের দাবি, বিন্তি হত্যার বিচার দ্রুত না হলে কোনো শিক্ষার্থীই নিজেদেরকে পথে-ঘাটে নিরাপদ মনে করবে না। এই ঘটনার পর অনেক অভিভাবক তাদের মেয়েদের স্কুলে পাঠানো নিয়ে শঙ্কায় আছেন।
সরকারের কাছে শিক্ষার্থীদের দাবি, বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে মামলা পরিচালনা করে আসামি সিয়ামের ফাঁসি কার্যকর করা হোক।
শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালন করবে।