
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ম্যাকবুক উদ্ধার করে তাঁর হাতে তুলে দিয়েছে পুলিশ। এ ঘটনায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে জার্মান পর্যটকের হাতে ম্যাকবুকটি তুলে দেন আইজিপি। এ সময় অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তবে পর্যটকের হারানো ক্যামেরাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সেটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের জনসংযোগ বিভাগ।
পুলিশ জানায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন ক্রিল। ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় স্টেশনের অপেক্ষাকক্ষে ম্যাকবুক ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। ফিরে এসে জিনিস দুটি না পেয়ে নাটোর থানায় পুলিশের সহায়তা চান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হারানো ম্যাকবুকে গত ছয় মাসের কাজের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। ক্রিলের লিখিত আবেদনের পর নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
ম্যাকবুক ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। বাংলাদেশ ভ্রমণে তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ম্যাকবুক উদ্ধার এবং পুলিশের পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে ওসি মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি। এ সময় তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন।
পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের দ্রুত ও পেশাদার সেবা দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা, জনআস্থা অর্জন এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেন আইজিপি।