
ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিল লেবানন সরকার। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ঘোষণা দিয়েছেন, হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার (০২ মার্চ) দেওয়া ঘোষণায় প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, সরকার হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা তৎপরতার ওপর ‘তাৎক্ষণিক নিষেধাজ্ঞা’ জারি করেছে। একইসঙ্গে দলটির কাছে তাদের অস্ত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে লেবাননের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত যেকোনো সামরিক কর্মকাণ্ড সরকার সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, দলটিকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।
এদিকে আল জাজিরা জানিয়েছে, ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে অর্জিত যুদ্ধবিরতির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সালাম। পাশাপাশি তিনি নতুন করে আলোচনা শুরুর কথাও উল্লেখ করেন।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা চালানোর পর পাল্টা আঘাতের ঘটনায় সৃষ্ট পরিস্থিতির মধ্যেই লেবানন সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।