
সরকারি কর্মচারী হাসপাতাল থেকে হেলথ কার্ড সংগ্রহ করতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাঁদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন এবং প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ১১ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া তথ্য ও পরিচয় যাচাই করে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ করা হলে হাসপাতালের নির্ধারিত কক্ষ থেকে হেলথ কার্ড সংগ্রহ করা যাবে।
হেলথ কার্ড পেতে যেভাবে নিবন্ধন করতে হবে
হেলথ কার্ড সংগ্রহের প্রথম ধাপে সরকারি কর্মচারী হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারে অনুমোদিত প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। এরপর হেলথ কার্ডের নিবন্ধন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক অনলাইনে আপলোড করতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও জমা দেওয়া তথ্য যাচাই করে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ হিসেবে হালনাগাদ করবে। এরপর যেকোনো কর্মদিবসে হাসপাতালের নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে।
নতুন রোগীদের নিবন্ধনের পুরো প্রক্রিয়াও অনলাইনে সম্পন্ন করতে হবে। এ জন্য হাসপাতালের ওয়েবসাইট [www.skh.gov.bd](https://www.skh.gov.bd)-এর ‘আমার প্রোফাইল’ অপশন ব্যবহার করতে হবে।
অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার পর সরকারি কর্মচারী ও তাঁদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনীয় প্রমাণক ও মূল কাগজপত্রসহ হাসপাতালের ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। সেখানে নিবন্ধন অনুমোদনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
চিকিৎসকের পরামর্শ নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক
হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ জন্য হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যার ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো রোগী অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর পরপর দুবার চিকিৎসকের পরামর্শ নিতে উপস্থিত না হলে তাঁর ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে এ ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাতিলের সুযোগ থাকা সত্ত্বেও তা বাতিল না করার বিষয়টি প্রযোজ্য হবে।
ইউজার আইডি নিষ্ক্রিয় হয়ে গেলে সেটি ব্যবহার করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হবে না।
পরীক্ষার প্রতিবেদন দেখাতে সাত দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট
চিকিৎসা পরীক্ষার প্রতিবেদন চিকিৎসককে দেখানোর জন্য প্রতিবেদন পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে রিপোর্ট কাউন্টারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হেলথ কার্ড সংগ্রহ, নতুন রোগীর নিবন্ধন, প্রোফাইলের তথ্য সংশোধন কিংবা অনলাইন সেবা ব্যবহারে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে হাসপাতালের আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
নতুন নির্দেশনার মাধ্যমে হাসপাতালের নিবন্ধন, পরিচয় যাচাই ও চিকিৎসকের পরামর্শ গ্রহণের প্রক্রিয়াকে অনলাইন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।