
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের করা ১০১টি চুক্তি ও সমঝোতা পর্যালোচনার বিষয়টি এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে উঠেছে। এসব চুক্তি নিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কিছু জানালে ভারত নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেন।
সাংবাদিকের প্রশ্ন ছিল, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি পর্যালোচনা করছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে কোনো তথ্য জানানো হয়েছে কি না।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদন তারা দেখেছেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তাদের জানানো হয়নি।
ভারতের স্বার্থের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ভারত নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
১১ সেপ্টেম্বর ১০১ চুক্তি পর্যালোচনার কথা জানায় বাংলাদেশ
এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে।
তিনি জানিয়েছিলেন, এসব চুক্তির কোনো শর্ত বা বিষয় বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কি না, তা গভীরভাবে যাচাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
সংসদীয় প্রক্রিয়ায় পর্যালোচনার কথা প্রতিমন্ত্রীর
এরপর ১৩ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও চুক্তিগুলো পর্যালোচনার কথা জানান।
তিনি বলেন, এসব স্মারক ও চুক্তি জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পর্যালোচনার কাজ চলছে।