
দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র লুণ্ঠন করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু হিসেবে প্রশংসা করেছে। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচনে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধি এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
এ ছাড়া সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের সংসদীয় বিতর্ক শোনা ও বোঝার সুযোগ সহজ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।