
স্বল্প সময়ের ব্যবধানে মিয়ানমারে পরপর ভূমিকম্পের আঘাতে আবারও আতঙ্ক ছড়িয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে দেশটিতে দ্বিতীয় দফা ভূমিকম্প রেকর্ড করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইএমএসসির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল ২০ দশমিক ৫১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে আনুমানিক ১১৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৮ কিলোমিটার পশ্চিমে।
এর আগে একই দিন রাত ৯টা ৩৪ মিনিটে মিয়ানমারে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মাত্র ২০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় কম্পন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক আরও বেড়ে যায়। এ কম্পনের প্রভাব চট্টগ্রাম, ঢাকা ও ভারতের কলকাতাতেও অনুভূত হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।