
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তারা ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে এই মহান নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বৃহস্পতিবার, ২৬ মার্চ সকাল ১০টায় এই কর্মসূচি পালন করে।
এতে উপস্থিত ছিলেন সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, বিএম কাউসার, জুবায়ের আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক তানভীর হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাকিব এবং বিশ্ববিদ্যালয় ও হল কমিটিগুলোর শতাধিক নেতাকর্মী।
সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনাকারী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শকে ধারণ করাই আমাদের মূল প্রেরণা।"
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সংগ্রাম মুক্তিযুদ্ধের একদম প্রাক্কাল থেকে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণার এই দুটি নাম ও তাদের রেখে যাওয়া আদর্শ দৃষ্টান্তকে আমরা চিরস্মরণীয় করে রাখার জন্য বদ্ধপরিকর। তাদের আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশকে আরও গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।"