.jpeg)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী ডিনস অনারস অ্যাওয়ার্ড, ৬ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড এবং ২৩ জন শিক্ষার্থীকে ইনোভেশন প্রজেক্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেলের উদ্যোগে কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেলের পরিচালক ড. মো. লোকমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের ডিনস অনারস অ্যাওয়ার্ড ২০২৪ এবং ২০২৫ প্রদান করা হয়। গবেষণায় অসাধারণ কৃতিত্বের জন্য ৫টি অনুষদ থেকে ৫ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড প্রদানের নিয়ম থাকলেও একই অনুষদের ২ জন শিক্ষক সমান নম্বর অর্জন করায় ২ জনকেই যৌথভাবে পুরস্কার প্রদানসহ ৬ জন শিক্ষক পুরস্কারপ্রাপ্ত হন। এছাড়া ২৩ জন মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীকে ইনোভেশন প্রজেক্টের জন্য পুরস্কার প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম পুরস্কার অর্জনকারীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালো করতে হবে এবং আরও বেশি ভালো করতে হবে। দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। তোমরা জাতির কাছে দায়বদ্ধ, আর এই দায়বদ্ধতার জায়গা থেকেই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে হবে। সমাজের উন্নয়নের জন্য ইনোভেশন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা নতুন নতুন অনেক কিছু পাচ্ছি, যা মানুষের কাজকে অনেক সহজ করেছে। গবেষণার জন্য আমরা পর্যায়ক্রমে বরাদ্দ বাড়াচ্ছি, যাতে গবেষণায় আরও বেশি আগ্রহী করে তোলা যায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সঞ্চিতা মোহন্ত।