
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান থেকে বাঁচতে ১৯ পিস ইয়াবা গিলে ফেলায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক যুবক। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক ওই যুবকের নাম সোহাগ ফকির (৩৬)। তিনি সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি স-মিলের পাশ থেকে সোহাগ ফকিরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি তার কাছে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯ পিস ইয়াবা গিলে ফেলেন। পরে তার শরীর তল্লাশি করে আরও একটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, ‘সোহাগ ফকিরের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, গ্রেফতার এড়াতেই সোহাগ ইয়াবাগুলো গিলে ফেলেন বলে ধারণা করা হচ্ছে।