.jpeg)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে ‘হল অ্যাটাচমেন্ট’ বাবদ ১,১০০ টাকা ফি আদায়ের বিষয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু।
সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে নিয়মিত অ্যালটমেন্টের মাধ্যমে গড়ে মাত্র ১০০ জন শিক্ষার্থী সিট বরাদ্দ পান। এ অবস্থায় নবীন শিক্ষার্থীদের কাছ থেকে হল ফি আদায় করা হলেও সবার জন্য আবাসনের ব্যবস্থা কীভাবে করা হবে, তা নিয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চান তিনি।
পোস্টে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের দুটি হলের মোট আসনসংখ্যা প্রায় ১,২০০। অথচ ১৫টি ব্যাচের প্রায় ১,৮০০ শিক্ষার্থীকে কীভাবে হলে সিট দেওয়া হবে, সে বিষয়ে প্রশাসনের স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সবার জন্য আসন নিশ্চিত করা হবে, নাকি অধিকাংশ শিক্ষার্থীকে সিট ছাড়াই হল ফি দিতে হবে।
জাকারিয়া ইসলাম বাবু দাবি করেন, যেহেতু শিক্ষার্থীদের কাছ থেকে হল ফি নেওয়া হয়েছে, তাই প্রত্যেক শিক্ষার্থীর জন্য হল বরাদ্দ নিশ্চিত করতে হবে। অন্যথায় আবাসন বাবদ প্রতি মাসে নির্ধারিত হারে ভর্তুকি দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ধরনের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে দ্বিধা করবে না বলেও পোস্টে উল্লেখ করেন।