
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইলের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয় স্টেশনে অবস্থিত ‘কার্গো ক্যাফে’ ফুড কার্টের কর্মচারী হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ক্লাস শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার সময় প্রথম বর্ষের ওই শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হন। অভিযোগ রয়েছে, ওই সময় মো. শাহিন তার সঙ্গে অসদাচরণ করেন। ঘটনার পরপরই সহপাঠীরা শাহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত ও ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। সেখানে প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী এবং সহকারী প্রক্টরদের উপস্থিতিতে শাহিনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। একই রাতে ভুক্তভোগী শিক্ষার্থী তার বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। মামলা দায়েরের পর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নুরুল হুদা বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সাথে ঘটনাটি ঘটে। এবিষয়ে গতকাল রাতেই মামলা করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।’