
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেস থেকে উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে কক্ষের দরজা বন্ধ থাকার পর দুর্গন্ধ বের হলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার, ২১ জুলাই রাত প্রায় ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস থেকে ভূ-তত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বুধবার, ২২ জুলাই ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মেসের অন্য বাসিন্দারা জানান, কয়েক দিন ধরেই উচ্ছ্বাসের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে মরদেহ উদ্ধার করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর মরদেহ দেখতে পায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।