
মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, শিল্পায়ন, অবকাঠামো ও আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সরকারের মেয়াদেই এ অঞ্চলকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (৬ নভেম্বর) মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের’ নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৫ দিনের মধ্যে দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
বন্দরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, মোংলায় নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এ এলাকায় চায়না ইপিজেড গড়ে উঠছে। পাশাপাশি বড় বড় শিল্পপ্রতিষ্ঠান আসছে। ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে এবং রেল যোগাযোগও চালু করা হবে।
শেখ রবিউল আলম বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-উত্তরাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে সরকার উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই মোংলাকে ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে মন্ত্রী বলেন, মোংলা, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
জ্বালানি সংকট সমাধানে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি এবং সেবা খাত প্রতিষ্ঠায় সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, স্বস্তি, শান্তি ও অগ্রগতির লক্ষ্যে এখন প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তা না হলে বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের মানুষের সম্ভাবনা, যোগ্যতা ও সক্ষমতা প্রতিষ্ঠিত হবে না; বরং তা আবারও ভূলুণ্ঠিত হতে পারে।
বৃহত্তর জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে নৌমন্ত্রী বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।