
দেশে মাদক ব্যবসার বিস্তারে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদক নির্মূলে পারিবারিক শিক্ষার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী।
ইশরাক হোসেন অভিযোগ করেন, মাদক ব্যবসার চক্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও কর্মকর্তা জড়িয়ে পড়েছেন। এমনকি মাদক পরিবহনে কয়েকটি পরিবহন কোম্পানির সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় যে পরিমাণ গুরুত্ব দেওয়া প্রয়োজন, তা দেওয়া যাচ্ছে না। কারণ রাষ্ট্র ও সরকার বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।
সেমিনারে একটি গবেষণার তথ্য তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এক গবেষণায় দেশে ৮২ লাখ মাদক ব্যবহারকারীর তথ্য উঠে এসেছে, যা মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ২৫ বছর বয়স হওয়ার আগেই মাদক সেবনে জড়িয়ে পড়েন।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগও প্রয়োজন।