
আর মাত্র কয়েক মাস পরই শুরু হবে নতুন হিজরি বছরের পবিত্র রমজান মাস। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র এ মাস।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। মাসজুড়ে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানরা। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের মাধ্যমে ইবাদতে বিশেষ গুরুত্ব দেন।
তবে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ এখনো জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবনির্ভর। চাঁদ দেখার পর সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।