
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ ও ৮ নভেম্বর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংগঠনিক ইউনিটে এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঘোষিত কর্মসূচি সফল করতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
কর্মসূচির প্রথম দিন ৭ নভেম্বর (শনিবার) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে পোস্টার সাঁটানো হবে। সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।
একই দিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে ঢাকার সব ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।
কর্মসূচির দ্বিতীয় দিন ৮ নভেম্বর (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলায়ও আলোচনা সভার আয়োজন করবে সংগঠনটি।