
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। বাউন্ডারিতে বল আটকাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তীব্র ব্যথায় মাঠে কাতরাতে থাকা এই বাঁহাতি ব্যাটারকে শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
২৩৫ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গো ও জাস্টিন গ্রিভসের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছিল ক্যারিবীয়রা। এর মধ্যেই সাদমানের চোটে বিপাকে পড়ে বাংলাদেশ।
মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন জাঙ্গো। বলটি সীমানার দিকে গড়িয়ে গেলে তা ঠেকাতে ছুটে যান সাদমান। বাউন্ডারির কাছে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করার সময় তার বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে মচকে যায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
দ্রুত মাঠে ছুটে আসেন চিকিৎসকেরা। সাদমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি বাঁ পায়ের জুতা খুলে দেওয়া হয়। তবে ব্যথার তীব্রতায় দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।
এর আগে মিরপুর টেস্টেও একইভাবে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়কে। দৌড়ে রান নিতে গিয়ে ক্র্যাম্পে আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার সিলেট টেস্টেও স্বাগতিক দলের আরেক ক্রিকেটারকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো।