
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পর্তুগিজ মহাতারকার অবসরের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় তার দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনফান্তিনো লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো করে খুব কম খেলোয়াড়ই ফুটবল ভক্তদের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা দিয়ে সংজ্ঞায়িত একটি ক্যারিয়ার।’
রোনালদোর অর্জন ও রেকর্ডের কথা তুলে ধরে ফিফা সভাপতি বলেন, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কীর্তি গড়েছেন তিনি। এসব অর্জন ভবিষ্যতে পুনরাবৃত্তি করা কঠিন বলেও মনে করেন ইনফান্তিনো।
তার ভাষায়, ‘ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি অর্জন করেছেন, যা সম্ভবত কখনো পুনরাবৃত্তি করা যাবে না। তবে তার অর্জন রেকর্ড, শিরোপা ও গোলের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন এবং বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পর্তুগালের আশা ও গৌরব বহন করেছেন।’
বার্তার শেষাংশে রোনালদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইনফান্তিনো। তিনি লেখেন, ‘ধন্যবাদ ক্রিশ্চিয়ানো, আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত এবং আমাদের সুন্দর খেলায় বিশাল অবদান রাখার জন্য। অনেক গর্বের সঙ্গে আপনি পর্তুগিজ জাতীয় দলের জার্সি পরেছেন। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’