
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে আজিমপুর সড়কের দুপাশ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অবরুদ্ধ অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে বের করে নেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করার ঘটনায় তারা ক্ষুব্ধ হন। এসব অভিযোগের প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।