
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আরিফ হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে আদালতে হাজির করা হয়। তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাঁর বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন চান। রাষ্ট্রপক্ষ জামিনের আবেদনের বিরোধিতা করে। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেন।
এর আগে বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সময় রাজীব ঘোষ নামের আরেক সাংবাদিককেও আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দিবাগত রাতেই রাজীব ঘোষকে ছেড়ে দেওয়া হয়। তবে ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
যেভাবে হত্যা করা হয় আরিফকে
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় চোখে গুলিবিদ্ধ হন লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরিফ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৩৩ জনকে আসামি করা হয়। ওই মামলার ৫৩ নম্বর আসামি হিসেবে ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে।
ডিবিসি কার্যালয় থেকে আটক
ডিবিসি নিউজসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ইকবাল সোবহান চৌধুরী প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পরে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পদ হারানোর পরও তিনি মাঝেমধ্যে ডিবিসি কার্যালয়ে যাতায়াত করতেন।
বুধবার দুপুরেও তিনি কার্যালয়ে যান। বিকেল ৩টার দিকে সেখান থেকে বের হওয়ার সময় ডিবি পুলিশের সদস্যরা তাঁকে আটক করেন। একই সময়ে রাজীব ঘোষকেও আটক করে নিয়ে যায় পুলিশ।