.jpg)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ অভিযানে ঘুষ গ্রহণের সময় ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় মোহাম্মদ আসাদুল ইসলাম নামে ওই সার্ভেয়ারকে আটক করা হয়।
দুদক সূত্রে জানা যায়, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ তৈরির জন্য সৈনিক (অব.) মো. মনিরুল ইসলাম গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে তাঁর পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত মোট ২৮২ শতাংশ জমির সীমানা নির্ধারণের জন্য এ আবেদন করা হয়।
অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি তিনি। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
পরবর্তীতে জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন মনিরুল ইসলাম। পরে তিনি বিষয়টি দুদককে জানিয়ে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটকের অনুরোধ জানান।
দুদকের প্রাথমিক যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুদক, জেলা কার্যালয় ঢাকা-১-এর একটি বিশেষ দল মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করা হয়।
দুদক সূত্র জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।