
রাজধানীর মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীদের রাস্তায় অবস্থান না নেওয়ার অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং করছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশের সদস্যদের অলিগলিতে ঘুরে ঘুরে মাইকিং করতে দেখা যায়।
এদিকে, আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের সময় কয়েকটি স্থানে শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও সদস্যদের মারধর করতেও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল থেকেই পুলিশের সদস্যরা বিভিন্ন পাড়া-মহল্লার সড়কে টহল দিচ্ছেন। মাইকিংয়ের মাধ্যমে আন্দোলনকারীদের সড়কে জড়ো না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে।
শুধু মাইকিং নয়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেও দেখা গেছে।
সংঘর্ষের জেরে মিরপুরের বিভিন্ন সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের বিক্ষোভ এবং পুলিশের তৎপরতাকে ঘিরে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তবে এ পর্যন্ত মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।