
ন্যূনতম মজুরি ও ভাতা কার্যকরের দাবিতে টানা তিন দিন ধরে উত্তেজনা বিরাজ করছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব এলাকার অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আশুলিয়ার একাধিক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর জেরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এদিকে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়ক থেকে অবরোধকারীদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় নরসিংহপুর, জামগড়াসহ কয়েকটি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সোমবারের শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বিশৃঙ্খলা তৈরির অভিযোগে আশুলিয়া থানা-পুলিশ চারজনকে আটক করেছে। পাশাপাশি কয়েকশ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে।
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ।