
গাজীপুরের নাওজোড়ে গ্যাস সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আহাদ নামে ১৯ বছর বয়সী এক তরুণের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন আহাদ (১৯), আবদুল্লাহ (১৮), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)। তাঁদের মধ্যে আহাদের শরীরের ৫৫ শতাংশ, আবদুল্লাহর ২০ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।
গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হিরন মিয়া জানান, রাত ৮টা ৪০ মিনিটে সিলিন্ডারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৯টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রথমে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে তিনি আরও জানান, আহাদ, আবদুল্লাহ ও আশরাফুলকে হাই ডিপেনডেন্সি মেডিকেল ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।