
আইন পেশায় সফল হতে হলে শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা বাদ দিয়ে পরিশ্রমী ও সৎ হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আদালতে মক্কেলের আর্থিক সামর্থ্য নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে আইনজীবীদের দাঁড়াতে হবে। পেশাগত দায়িত্ব পালনে মানবিক হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ওকালতিতে শর্টকাটে টাকা আয়ের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়। এ পেশায় ভালো করতে হলে পরিশ্রম ও সততার বিকল্প নেই।
আইনমন্ত্রী আইনজীবীদের উদ্দেশে বলেন, আদালতে দাঁড়ানোর সময় শুধু মক্কেলের দেওয়া ফি বা অর্থের বিষয়টি বিবেচনা করলে চলবে না। মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়েই আদালতে দাঁড়ানো উচিত।
আগামী প্রজন্মের ভূমিকার কথা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, তরুণেরা সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়ে তোলা সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।