
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ ছাড়া সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট অধ্যাপক মোসাম্মৎ কুলসুম বেগম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আহ্সানুর রেজা।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম বলেন," হল জীবন বিশ্ববিদ্যালয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন জেলার ও ভিন্ন মানসিকতার শিক্ষার্থীদের সঙ্গে বসবাসের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও মানিয়ে নেওয়ার দক্ষতা তৈরি হয়, যা ভবিষ্যৎ পেশাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের হল জীবনকে আনন্দময় করে তুলতে এবং ভালো ও সৎ বন্ধুত্ব গড়ে তোলার আহ্বান জানান।"
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন," ডেভেলপিং এ মাইন্ডসেট ও ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় সঠিক মানসিকতা তৈরি করা। মূল ক্যাম্পাস ও বরিশাল ক্যাম্পাসকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে প্রশাসন কাজ করছে উল্লেখ করে তিনি বরিশাল ক্যাম্পাসের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।"
তিনি আরও জানান, "আবাসন সংকট নিরসনে নতুন ছয়তলা একাডেমিক ভবন ও আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খেলার মাঠ সংস্কার ও দুটি ব্যাডমিন্টন কোর্ট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে গবেষণা অনুদানও বৃদ্ধি করা হয়েছে।"
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আহ্সানুর রেজা বলেন, "পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিকতা চর্চা করতে হবে। হলের সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।"
এ ছাড়া ক্যাম্পাসের জলাশয়ের জীববৈচিত্র্য সমৃদ্ধ করতে পুকুরে দেশীয় প্রজাতির ১০০ কেজি মাছ অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়। মেইন গেট উদ্বোধন, নবীনবরণ ও নানা আয়োজনকে ঘিরে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।