
প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসা সুনেরাহ বিনতে কামালের ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক অর্জন। ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এবার পা রাখতে চলেছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের আসরে।
সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের কোনো চলচ্চিত্র অংশ নিতে যাচ্ছে।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে খুব শিগগিরই ইতালির ভেনিসের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সুনেরাহ। সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমন্ত্রণ পাওয়াকে শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের সাফল্য হিসেবে দেখছেন না এই অভিনেত্রী। বরং বিশ্ব চলচ্চিত্রের বড় একটি আসরে অংশ নেওয়াকে নিজের অভিজ্ঞতা ও অভিনয়জীবনকে আরও সমৃদ্ধ করার সুযোগ হিসেবে দেখছেন তিনি।
বিশ্বের খ্যাতনামা নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকার সুযোগ তার অভিনয়যাত্রায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশাবাদী সুনেরাহ। আন্তর্জাতিক এই অভিজ্ঞতা ভবিষ্যতে তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তিনি।