
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা বারগুলোর মোট ওজন ৯ কেজি।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মালিকবিহীন অবস্থায় স্বর্ণের এই চালানটি আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ নম্বর ফ্লাইটে সোনা চোরাচালানের তথ্য পান কাস্টমস কর্মকর্তারা। এরপর বিমানে তল্লাশি চালাতে গিয়ে তারা সেটিকে যাত্রীশূন্য অবস্থায় দেখতে পান।
তল্লাশির একপর্যায়ে ১৯-এ নম্বর আসনের নিচে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পান কর্মকর্তারা। সেগুলো উদ্ধার করে কাস্টমস হলে নেওয়া হয়। পরে মোড়ক খুলে সেখানে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমস হাউস জানায়, উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে বারগুলোর ওজন প্রায় ৯ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।