
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হল গেট সংলগ্ন এলাকায় প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় তৃতীয় ককটেলটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল জানান, তিনি কোয়ার্টারের দিকে ছিলেন। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যান। পরে সেখানে ছবি ও ভিডিও ধারণ করেন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, জগন্নাথ হলের পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।