
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন জবি উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।
ফেসবুক পোস্টে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি ও জবি চ্যান্সেলর কর্তৃক পূর্ব প্রদত্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। এবার পুরোদমে প্রস্তুতি নেওয়ার পালা। সবার সহযোগিতা চাই।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দ্বিতীয় সমাবর্তন আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ছিল। অবশেষে তারিখ নির্ধারণ হওয়ায় এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
সমাবর্তনকে সামনে রেখে এখন আনুষ্ঠানিক প্রস্তুতি ও আয়োজনের কার্যক্রম এগিয়ে নেওয়ার পালা। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।