
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল ও পদযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদি’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এবং সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা। এ ছাড়া জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইনকিলাব মঞ্চের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তাঁরা। দাবিগুলো হলো—১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, জুলাইয়ের গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, এসব দাবি শুধু ইনকিলাব মঞ্চের নয়, বরং দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি। জনগণকে সঙ্গে নিয়ে কোনো ধরনের আপস ছাড়াই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, গণরুম-গেস্টরুম সংস্কৃতি, প্রশ্নফাঁস, বিচারহীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে দেশকে বের করে আনতে হবে। প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর শাস্তির পরিবর্তে বদলির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি জানান তিনি।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কর্মসূচি পালন করেও এখনো ন্যায়বিচার পাওয়া যায়নি। সরকারের প্রতি তিন দফা দাবি জানিয়ে তিনি বলেন, এসব দাবি কোনো রাজনৈতিক দলের নয়, বরং বাংলাদেশের মানুষের দাবি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে একজন নাগরিককে হত্যার পর বিচারের দাবিতে তাঁদের রাস্তায় নামতে হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, গত আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ আসনে দিনের বেলায় বাস থামিয়ে ডাকাতি, ফ্লাইট লেফটেন্যান্টের লাশ ভেসে ওঠা এবং মিরাজ শেখের মতো ব্যক্তির ২০৪ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরও দেশে কেউ নিখোঁজ হচ্ছে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি।
সংবিধান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদে বসে তিনি জাতিকে সংবিধান পড়ান; উপযুক্ত সময়ে জনগণ তাঁকে সংবিধান মুখস্থ করাবে।