
ঢাকার কলাবাগান এলাকায় প্রেমের সম্পর্কের জেরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক মারা গেছেন। শহিদুলের মৃত্যুর ঘটনা রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঘটেছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দক্ষিণ মাঝপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় বড় ভাই রফিকুল ইসলামের বাসায় থাকতেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঢাকা ওয়াচকে বলেন, “শহিদুল ইসলামের সঙ্গে নারায়ণগঞ্জের হাসি (১৪) নামের কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ ফেব্রুয়ারি তারা নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ঢাকায় এসেছেন এবং শহিদুলের বড় ভাই রফিকুল ইসলামের বাসায় উঠেছেন। পরে উভয়ের সম্মতিতে বিয়ে করার প্রস্তুতি নেওয়া হয়।”
এসআই আরিফুল জানান, বিয়ের খবর পেয়ে মেয়ের পরিবার রফিকুলের বাসার নিচে অবস্থান নেন। শহিদুল যখন বাসার নিচে নামেন, তখন মেয়ের পরিবারের সদস্যদের দেখেন। স্ত্রীর খালু তার পিছু নিলে তিনি ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকেন। একপর্যায়ে শহিদুল পাশের একটি ভবনে লাফ দেন। দ্বিতীয় ভবন পার হওয়ার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে তিনি মারা যান।
তিনি আরও বলেন, “খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এসআই আরিফুল আরও জানিয়েছেন, শহিদুলের সঙ্গে হাসির প্রেমের সম্পর্ক ফেসবুকের মাধ্যমে গড়ে উঠেছিল। মেয়ের বয়স কম হওয়ায় আইনি প্রক্রিয়ার পর মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।