
রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজারে গভীর রাতে হঠাৎ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সোমবার ১৬ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকার একটি পাঁচতলা ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় একের পর এক ইউনিট। মোট ১০টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কারওয়ান বাজার কাঠপট্টিতে ১টি পাঁচ তলা ভবনের (L আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম কোন কোন অংশে) আগুন লেগেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ।