
নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে শপথের মধ্য দিয়ে, আর সেই আয়োজনকে কেন্দ্র করে আজ রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে আসছে নিয়ন্ত্রণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। এই আয়োজনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এবং জুলাই স্মৃতি জাদুঘর গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত রাখা হবে।
ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে সৃষ্ট সাময়িক ভোগান্তি কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা নেবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ-
১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।
২. ধানমন্ডি হতে ফার্মগেট
ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।
৩. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং
আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র -উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড হতে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে গমন করবে।
৫. মিরপুর রোড হতে ধানমন্ডি
মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে
শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট/দূর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল থাকবে।
সব ধরনের যানবাহন চালকদের মঙ্গলবার সকাল ০৮টা হতে সন্ধ্যা ৭ পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।