
রাজধানীর যাত্রাবাড়ীতে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল এক কিশোর মাদ্রাসাছাত্রের। নিহত মাহিম মিয়া (১৫) স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মাহিমকে মৃত ঘোষণা করেন।
মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। স্বজনদের তথ্য অনুযায়ী, তিনি স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন।
নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, রোববার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তারা, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।