
নির্বাচনের আগেই দেওয়া প্রতিশ্রুতিতে অটল থাকার ঘোষণা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব। দলটির নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি লিখেছেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’
এর আগে জাতীয় নির্বাচনের পূর্বে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে একই অঙ্গীকারের কথা জানিয়েছিলেন দলের আমির ডা. আমির শফিকুর রহমান। সে সময় তিনি বলেছিলেন, ‘আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।’
একই সমাবেশে তিনি আরও বলেন, ‘যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয়, আমরা তাদের (সরকারি দল) আশ্বস্ত করছি, প্রতিটি মানবিক ও ভালো কাজে আমরা অবশ্যই তাদের কর্মী হয়ে কাজ করব। তারা সরকারে যাওয়ার পর আবার যদি পুরোনো কায়দায় ওলট-পালট কিছু করে, প্রথমে ব্যক্তিগতভাবে বলব, এগুলো ছেড়ে দেন। যদি তারা সংশোধন হয়ে যান, অভিনন্দন জানাব। যদি না করেন, তবে আগেও যেমন জীবন বাজি রেখে আন্দোলন–সংগ্রাম আমরা করেছি, আগামীতেও ছাড় দেব না।’
দলটির পক্ষ থেকে পুনরায় এই অবস্থান জানানোয় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বার্তাই স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।